আমার একটা খাতা ছিল,বাঁধিয়ে দেওয়া তোমার হাতে, রঙীন মলাট।
কথা ছিল লিখবো তাতে হরেক কাহন নিত্যদিনের
গল্পগুলো তুচ্ছ নাহয়, হোক ক্ষতি কি
তারা তো সব আমার নিজের
ঝগড়াঝাটি মনখারাপের আঁকিবুকি
আবেগ ভরা এলোমেলো ভালোবাসা
দিস্তে কাগজ স্বপ্নে ঠাসা –
সেই খাতাটা, তোমার হাতে বাঁধিয়ে দেওয়া, খুঁজে পেলাম আজকে হটাৎ।
অনেকদিন আর সেই খাতাটা হয়নি খোলা।
আলসেমিতে
চাইলে তো মন কত কথাই লিখতে
পারে, কতো মানুষ তাদের নিয়ে গল্প কতই
এক জীবনের অভিজ্ঞতা কম সে তো নয়
হারিয়ে যাওয়া ভালোবাসা, তারা সবাই কোথায় এখন
অপার্থিব এক জগৎ জুড়েও বন্ধু যত ছড়িয়ে আছে,বন্ধু কিংবা বন্ধু-মতন
তবু তাদের কোনোদিনই হয়না বলা,-
‘কেমন আছো’, কত কথাই হয়না বলা
কথারা সব কথার পরে জমতে থাকে
হলদে হওয়া পাতা জুড়ে থমকে থাকে
ঝরা সময়
প্রতিটা দিন এক এক করে জীবন থেকে শেষ হয়ে যায়
লেখার জন্য একটা পাতাও শেষ হলো কি!
তাকিয়ে দেখি
সময় চলে ময়ূরপঙ্খী নাও এর মতো পেখম তোলা।
সবার কাছেই হয়তো এমন লেখার খাতা মজুত আছে।
আমি জানি, তোমার কাছেও
কথা ছিল আমরা যেদিন পরস্পরে ক্লান্ত হবো
সেদিন কোনো অস্তরবির রঙিন আলোয়
প্রথম দেখার উদযাপনে
খাতা দুটো আমরা দুজন বদলে নেবো
যে কথাটা বলার জন্য গোটা জীবন ফুরিয়ে গেলো
কথা ছিল, একটা ছোট হলদে পালক রেখে দেব
সেই দুখানি পাতার মাঝে।
আর কতদিন হলুদ পাখির অপেক্ষাতে থাকবো বলো, আর ক’ বছর!
অনেকদিন আর তোমায় ডেকেও জিগেস করা হয়নি আমার, ভালো আছো?
২০২৩ (শারদীয়া মনকথা)
